ঘরে থাকা সবজি দিয়েই ৫ রকম বিকেলের নাস্তা


কেবল বাচ্চারা নয়, বড়দেরও যেন সবজি খেতে ভীষণ অনীহা। অন্যদিকে বিকেল বেলা ভাজা-ভুজি সকলের চাই-ই চাই। তাহলে উপায় একটাই, বিকেলের নাস্তার টেবিলে সবজি দিয়ে মজার সব স্ন্যাক্স বানিয়ে পরিবেশন করা।

সবজি দিয়ে নুডুলস বা পাকোরা তৈরি করতে সকলেই কম-বেশি জানেন। তাই আজকের আয়োজনে থাকছে সবজির কেক, শাকের পুরি বা নাগেটের মত একদম নতুন কিছু রেসিপি। তৈরিতে সময় লাগে খুব কম, খেতেও ভীষণ মজা।

স্প্রিং রোল
গাজর, পেঁপে, বাঁধাকপি ইত্যাদি ঝুরি করে নিন। বরবটি, পেঁয়াজ পাতা ইত্যাদি মিহি কুচিয়ে নিন। তেলের মাঝে সমস্ত সবজি, কাঁচা মরিচ, রসুন কুচি, সয়াসস, লবণ, কালো গোল মরিচ গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নিন। চাইলে সামান্য চিকেন কিমা বা চিকেন ফ্লেভার যোগ করতে পারেন। বাজারে স্প্রিং রল শিট কিনতে পাওয়া যায়, ফিলো পেস্ট্রি শিট নামে। সেই শিট দিয়ে ছোট ছোট রোল বানিয়ে ডুব তেলে মুচমুচে করে ভেজে নিন।

সবজির পরোটা/পুরি
স্প্রিং রোলের জন্য তৈরি করা পুরটাই পরোটা বা কিমার পুর হিসেবে ব্যবহার করতে পারেন। যেভাবে কিমা পুরি বা পরোটা তৈরি করা হয়, ঠিক একই ভাবে। পরোটা বা পুরি তৈরির জন্য শাক, লাউ, মুলা ইত্যাদি অনেক রকমের সবজি ব্যবহার করা যায়।

সবজির কাটলেট
আলু, পেঁপে, গাজর, বাঁধাকপি, ফুল কপি, পটল, ঝিঙ্গা, বরবটি ইত্যাদি সবজি সেদ্ধ করে নিন। আলু পুরো সেদ্ধ করে ভর্তা করে নেবেন। অন্যান্য সবজি ডুমো করে কেটে ভাপিয়ে নেবেন। এরপর আলু ভর্তা ও সবজি সেদ্ধ একত্রে মেখে নিন। সাথে দিন লবণ, ধনে পাতা, কাঁচা মরিচ, গোল মরিচ গুঁড়ো, সয়াসস, সামান্য জিরার ফাঁকি। সব মেখে নিয়ে কাটলেট আকারে গড়ে নিন। ময়দায় গড়িয়ে, ডিমে ডুবিয়ে, বিস্কিটের গুঁড়ো মেখে ডুবো তেলে ভেজে নিন।

সবজি নাগেট
সবজি কাটলেটের মতই সবজি ও আলু মেখে নিন। জিরা বাদে বাকি সব মশলা দিন, একটু চিলি সস, চিকেন ফ্লেভার ও দুধে ভেজানো পাউরুটি যোগ করুন। সব কিছু মেখে ছোট ছোট নাগেট আকারে গড়ে নিন। কড়াইতে পানি ফুটিয়ে নাগেটগুলো ছেড়ে দিন। সেদ্ধ করে নামিয়ে ঠাণ্ডা করে নিন। ডিমে ডুবিয়ে বিস্কিটের গুঁড়ো মেখে ডুবো তেলে ভেজে নিন।

সবজির ঝাল প্যানকেক
চিনি বাদ দিয়ে বাকি সব উপকরণ, অর্থাৎ ডিম-ময়দা-দুধ-বেকিং পাউডার দিয়ে প্যানকেক ব্যাটার তিরি করে নিন। সাথে যোগ করুন লবণ, গোল মরিচ গুঁড়ো, গারলিক পাউডার, চিকেন ফ্লেভার ও চিকন ঝুরি করা গাজর- বাঁধাকপি- পেঁয়াজ পাতা ইত্যাদি। এরপর প্যানে মাখন দিয়ে মাঝারি আঁচে প্যানকেক আকারে ভেজে নিন।

সবজি সুস্বাদু, যদি রান্না করা হয় সঠিক রেসিপিতে। চেষ্টা করে দেখুন এই ভিন্নধর্মী রেসিপিগুলো, নিশ্চয়ই ভালো লাগবে।


রেসিপিটি প্রকাশিত হয়, ১৮ ফেব্রুয়ারি ২০১৮
Share on Google Plus

1 comments:

  1. আপনার পোষ্টগুলি খুব সুন্দর, আমাদের উৎসব স্পেশাল রেসিপিগুলো পাবেন এখানে
    https://bit.ly/32xf6Be

    ReplyDelete